গ্যাস লিকেজ  থেকে বিস্ফোরণ গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম

নরসিংদীর মাধবদীতে তিতাস গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকা-ে দগ্ধ হয়ে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪) গুরুতর দগ্ধ হয়েছে। গত সোমবার রাত ১১টায় সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গৃহবধূর নিজ বাড়িতে গ্যাসের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে হঠাৎ অগ্নিকান্ডের অগ্নিকান্ড হয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী গৃহবধূ আকলিমা বেগম এবং তার দুই সন্তান সিয়াম ও সামিয়াকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে আকলিমার মৃত্যু হয়। তার দুই সন্তান গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

নিহত গৃহবধূ আকলিমা বেগম স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। তিনি একই এলাকার টেক্সটাইল মিলের শ্রমিক এমরানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর মাধবদী নুরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে বসবাসরত শ্রমিক আকলিমা বেগম রাতের খাবার গরম করার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করেন। দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আকলিমা ও তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আকলিমার মৃত্যু হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এরই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী কয়েকবার নরসিংদী তিতাস গ্যাস কর্র্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার ভোর ৫টার দিকে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সারা দিন গ্যাস সরবরাহ না থাকায় শিল্পপ্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে ৪ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।

এ ব্যাপারে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খোঁজখবর নিচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত