রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

রাজধানীর কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে বোরখা।

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন কাজী জানান, তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার ভিতর ঢুকছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের চালক ও ওই নারী আরোহীকে এক্সপ্রেসওয়ের উপর পড়ে থাকতে দেখেন। এসময় চালকের কাছে থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।

সুমন আরও জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখান থেকে চালক কোথায় গিয়েছে তা তিনি বলতে পারেননি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত