আইন উপদেষ্টা বললেন

জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে চিরস্থায়ী করে রাখতে হবে

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের যেন আমরা ভুলে না যাই।’ গতকাল বুধবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কারাবন্দিদের নিয়ে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদের শুধু মানুষ হিসেবে বিবেচনা করে একে অন্যের পাশে দাঁড়িয়েছি এবং সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। যদিও গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল।’

তিনি জানান, তাকে এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আইন ও বিচার উপদেষ্টা বলেন, ‘আমি তাকে বলেছিলাম, আরও কিছু দিন পর এই অনুষ্ঠান করতে। কিন্তু সে বলল এখনই করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি, কেন সে এমনটা করেছে। জুলাই কারাবন্দিদের যে দুঃখ-কষ্ট, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না।’ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শেখ হাসিনা সম্পূর্ণ দেশকেই কারাগারে পরিণত করেছিল। কারাগারগুলোকে আয়নাঘরে পরিণত করেছিল।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত