মরা মাছ তুলতে গিয়ে পুকুরে তলিয়ে গেল ফজল

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থানের সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলুল হক তালুকদার উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বের হন। পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে একটি মৃত মাছ দেখতে পান। পরে তা ধরতে গেলে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত