বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বছরই (ডিসেম্বরের মধ্যে) দেশে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমান এ বছরই দেশে ফিরবেন। তাকে এ বছরই পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন। আশা করি, নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
এরপরই তিনি (তারেক রহমান) দেশে ফিরবেন। তিনি দলের প্রধান ব্যক্তি, আগামীতে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে এখানে কোনো আইনি বাধ্যবাধকতা নেই।’
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে হুমায়ুন কবির আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।’
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উঠে আসে।
দলের ইচ্ছায় সিলেট-২ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘উন্নয়নের জন্য তার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া, জুলুমকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।’
