গোলাম পরওয়ার বললেন

জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশের গুঞ্জন

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের একক চিন্তার প্রতিফলন ঘটেছে বলে গুঞ্জন উঠেছে।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ২০০৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘বিচারক হত্যা, পিলখানা হত্যাকা-, শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণা অসম্পূর্ণ। জুলাইয়ের যে আকাক্সক্ষা ছিল, তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি। এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে।’

নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। দুই বছর পর নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমনটা করার সুযোগ নেই। ভোটের আগেই এটি বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে। তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. এম কোরবান আলী। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত