জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা ও সমাবেশ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি। উপজেলার দোয়াভাঙ্গা থেকে জেলা বিএনপির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজার, কালীবাড়ি হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সমাবেশে ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি তারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে।
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য যেন না থাকে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা হবে।’ বক্তব্যের শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চান তিনি।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ-এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন ব্যাপারী, বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, সৈয়দ আহমেদ দুলাল, বিএনপি নেতা আবু তাহের, সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ বাচ্ছু, পৌর যুবদল সভাপতি সিএম লিটন, যুগ্ম সম্পাদক আমির হোসেন, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা শাহদাত হোসেন প্রমুখ।
