বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া বিআরটি প্রকল্প এবং ঢাকা-টঙ্গী-জয়দেবপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করাসহ সাত দফা দাবি জানিয়েছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামে একটি সংগঠন।
গতকাল শনিবার সকালে গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত শ্রমিকঘন এলাকা, যেখানে প্রায় ৩ হাজার শিল্প-কারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রিসোর্ট, ব্যাংক-বীমা, মার্কেটসহ প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। ঢাকার সঙ্গে গাজীপুরের নিরবচ্ছিন্ন যোগাযোগ কেবল গাজীপুরবাসীর জন্যই নয়, বরং
উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৭টি জেলা, ৩টি বিভাগীয় শহর এবং রাজধানী ও চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক কর্মকা-ের জন্যও অপরিহার্য।
১২ বছর আগে শুরু হওয়া বিআরটি প্রকল্পের নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকলেও গত ২৭ জুলাই একনেক সভায় অতিরিক্ত ব্যয়ের অজুহাতে এর পরবর্তী কাজ স্থগিত করা হয়। একইভাবে ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্প দীর্ঘদিনেও শেষ হয়নি। এর ফলে গাজীপুরবাসী ও উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে বিআরটি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা, প্রাপ্ত ১৮৭টি অত্যাধুনিক এসি বাস চালু করা, ঢাকা-গাজীপুর রেললাইন প্রকল্প দ্রুত শেষ করা, শিববাড়ি বিআরটি টার্মিনাল ও জয়দেবপুর রেলস্টেশনের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ, জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা ও কমিউটার ট্রেনের সময় ও সক্ষমতা বৃদ্ধি করা, সহজে টিকিট প্রাপ্তির ব্যবস্থা ও মাসিক টিকিট চালু করা, রেলক্রসিংয়ে ফ্লাইওভার ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ করার জন্য সাত দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন-এর সভাপতি প্রকৌশলী শামসুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল বাতেন, গাজীপুর সদর মেট্রো থানা ব্যবসায়িক সংগঠনের (আইবিডব্লিউএফ) সভাপতি মো. আসাদুজ্জামান, গাজীপুর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের সভাপতি মো. আলী আকবর মিয়া প্রমুখ।
