সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করা হবে

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:২৭ এএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে এবং যথাযথভাবে তা ব্যবহার নিশ্চিত করতে হবে। খেলোয়াড়রা যেন এখানে খেলাধুলা করতে পারে তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ভার্চুয়ালি ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শুধু স্টেডিয়াম উদ্বোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ চলমান। ১৪টি উদ্বোধন করা হলো, বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে। খেলাধুলার মধ্য দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাসহ সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

রাজশাহী জেলায় ১২ প্রকল্পের উদ্বোধন : রাজশাহী জেলায় ১২ প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শনিবার সকালে রাজশাহী জেলা সার্কিট হাউজে অবস্থান করে ভার্চুয়ালি যুদ্ধ হয়ে তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন।

প্রকল্পের মধ্যে ৯টির উদ্বোধন ও তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে. রাজশাহীর পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয়তলা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নির্মিত ভবন, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রকল্পের (পর্যায়-১) আওতায় মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলা ভবন, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-ভাগাইল ব্রিজ, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ।

তিন ভিত্তিপ্রস্তর হচ্ছে, তানোর উপজেলার কাশিম বাজার থেকে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিকরণ কাজের, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিস, একই উপজেলার বীরকৎসা হাটের দুইতলা ভবন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।

উপদেষ্টা আসিফ মাহমুদ সকাল ৮টার দিকে রাজশাহীতে আসেন। পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত