৫০০ টাকার জন্য ঘুমন্ত বড় ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০০ টাকা চেয়ে না পাওয়ায় ঘুমন্ত বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছে ছোট ভাই আবদুল করিম রোহান। গত ৯ আগস্ট সকালে কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর গ্রামে সংঘটিত এই হত্যাকা-ের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ৯ আগস্ট সকালে সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে আবদুর রহিম রাফির (২৬) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা মনোয়ারা বেগম হত্যা মামলা করেন। গোপন সোর্স, তথ্যপ্রযুক্তি, এলাকাবাসীর বক্তব্যের ভিত্তিতে নিহতের ছোট ভাই আ. করিম রোহানকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার ভাইকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় রোহানের তথ্যমতে হত্যাকা-ে ব্যবহৃত দা এবং রক্তমাখা লুঙ্গি ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ঘাতক ছোট ভাই রোহান জানায়, ঘটনার আগের দিন গত ৮ আগস্ট রাতে তার বড় ভাই নিহত রাফির কাছে সে ৫০০ টাকা চায়। কিন্তু রাফি ছোট ভাইকে টাকা না দিয়ে গালাগাল এবং দুর্ব্যবহার করেন। পরের দিন সকালে রাফিকে ঘরে একা ঘুমন্ত অবস্থায় পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর সে বাড়ি থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম করতে থাকে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত