গাইবান্ধায় ট্রাক চাপায় শিশুসহ নিহত বেড়ে ৩

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দেড় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি এলাকায় (মৌসুমী পেট্রোল পাম্পের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেড় মাসের শিশু রওশন রাফি। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ এলাকার পরাগ আলীর ছেলে, জাহিদুল ইসলাম (৫৬) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে ও ইজিবাইক চালক নরুন্নবী মন্ডল (৫০) একই উপজেলার রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের গনি মন্ডলের ছেলে। নিহত জাহিদুল ইসলাম পিয়ারাপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার পদে শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি খলসি এলাকায় মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে চলে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থালেই জাহিদুল ইসলাম ও দেড় বছরের শিশু রওশন রাফি মারা যান। পরে অটোরিকশা চালক নুরুন্নবী মন্ডল হাসপাতালে মারা যান। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। বিকালে সাড়ে ৫টা পর্যন্ত তিনজন মারা গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত