গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা রাতে মশাল মিছিলের জন্য গোপনে প্রস্তুতি নেওয়ার সময় ধাওয়া করে তাদের ধরে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলকর্মীরা। পরে তাদের কাছ থেকে বেশ কিছু বাঁশের লাঠি ও পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে আজুগীরচালা গুলিস্তান মোড় থেকে তাদের আটক করা হয়।
ছাত্রদলের দাবি, নাশকতার উদ্দেশ্য ছিল ছাত্রলীগের কর্মীদের। তবে ছাত্রলীগের দাবি, এটি সাজানো ঘটনা। ১৫ আগস্ট ঘিরে ছাত্রলীগ কোনো কিছু করতে পারে এমন ভয় থেকেই নিরীহ কর্মীদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।
আটকরা হলেন তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের জাহিদ হাসান (২২), কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের দিনার আহম্মেদ (২০), হয়দেবপুর গ্রামের শিব্বির ম-ল (১৯) ও দক্ষিণ গলদাপাড়া গ্রামের মৈশব বেপারি (২০)।
গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর মিশু বলেন, ‘আমরা রাতে জানতে পারি নাশকতা ও মশাল মিছিল করার জন্য গুলিস্তান মোড় এলাকায় প্রস্তুতি নিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী। পরে আমাদের বেশ কিছু নেতাকর্মী নিয়ে ওই এলাকা থেকে ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় স্থানীয় লোকজনও সহায়তা করেছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। তাদের কাছ থেকে ২১টি লাঠি ও চার বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের নাশকতার পরিকল্পনায় যারা জড়িত থাকবে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।’
