মৌলভীবাজারের কুলাউড়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. তারেক বিন ইসলামকে বড়লেখা উপজেলায় বদলি করা হয়েছে। সম্প্রতি তাকে বদলি করা হয়েছে বলে জানান এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।
তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল, প্রতিদিনই অফিস কক্ষে ধূমপান করতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেত তার এক হাতে সিগারেট, অন্য হাতে সেবাগ্রহীতাদের ফাইল। বিধি অনুযায়ী সরকারি-বেসরকারি অফিসে ধূমপান নিষিদ্ধ হলেও তিনি নিয়মের তোয়াক্কা করতেন না।
এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তাকে কৈফিয়ত তলব করা হয় এবং সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরাসরি কুলাউড়া গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
