গাইবান্ধায় বাকি না দেওয়ায় দোকানিসহ দুজনকে গুলি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম

গাইবান্ধায় বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ওয়াসিম  মিয়া (২৫) নামের এক হোটেল দোকানিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে গোলাপ প্রামাণিকের (৩৬) বিরুদ্ধে। এ ঘটনায় দোকানিকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম (৪০) নামের আরও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার ঈদুলপুর গ্রামের তয়েজ প্রামাণিকের ছেলে গোলাপ প্রামাণিক নাপিতের বাজার এলাকায় ওয়াসিম মিয়ার হোটেলে যায়। সেখানে গোলাপ দোকানির কাছে বাকিতে সিঙ্গারা চায়। এ সময় ওয়াসিম মিয়া টাকা ছাড়া সিঙ্গারা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে ওয়াসিম মিয়ার সঙ্গে গোলাপের তর্ক হয়। একপর্যায়ে গোলাপ ক্ষুব্ধ হয়ে বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকানি ওয়াসিম মিয়াকে গুলি করে। এ সময় ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম নামের এক নারী গুলিবিদ্ধ হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে গোলাপ ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধ ওয়াসিম ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে। গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গোলাপ প্রামাণিক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি উম্মে কুলছুম স্মৃতির পিএস ছিলেন। সম্প্রতি তিনি মাদক ও চোরাকারবারী বিভিন্ন ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ‘এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তা আটকের পর জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত গোলাপকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত