বাবর-রিজওয়ানকে দিয়ে ক্রিকেট হবে না, স্রেফ বিজ্ঞাপন করানোর পরামর্শ!

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

পাকিস্তানের দুই বড় তারকা বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে দিয়ে আর ক্রিকেট হবে না বলেই ইঙ্গিত করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে দুজনের পারফর্মেন্সের অবস্থাই ছিল বেহাল। আউটও হয়েছেন দৃষ্টিকটূভাবে। তাই এই দুজনকে দিয়ে এখন শুধু বিজ্ঞাপন করানোর পরামর্শ দিয়েছেন বাসিত আলী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছিল পাকিস্তান। ওই ম্যাচে বাবর ৪৭ আর অধিনায়ক রিজওয়ান ৫৩ রান করেন। দ্বিতীয় ম্যাচে বাবর ‘ডাক’ মারেন আর রিজওয়ান করেন ১৬ রান। তৃতীয় ম্যাচে হাস্যকরভাবে বোল্ড হয়ে ‘গোল্ডেন ডাক’ মারেন রিজওয়ান। আর বাবর ২৩ বলে ৯ রানের বেশি করতে পারেননি। ২৯৪ রান তাড়ায় নেমে পাকিস্তান মাত্র ৯২ রানে অল-আউট হয়ে যায়! হারতে হয় ২০২ রানের বিশাল ব্যবধানে।

এই দুজনকে শূলে চড়িয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেছেন, ‘ওরা ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক। ওরা কোচদের কথা শোনে না। কোচ যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ ওরা কাউকেই আগে এসব করতে দেয়নি!’

সম্প্রতি সাবেকদের এক টুর্নামেন্টে রাজনৈতিক কারণে পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। সামনে এশিয়া কাপে দুই দলের দেখা হবে। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই চরম শঙ্কায় আছেন বাসিত আলী, ‘আমি প্রার্থনা করি এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলে; ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে তারা খেলেনি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেললে ভারত এমন পেটাবে যে, আপনি ধারণাও করতে পারছেন না!’

বাসিত দাবি করেন, ইগো সমস্যার কারণেই নাকি বাবর ফর্মে ফিরছেন না। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন বাবরের কাজিন কামরান আকমল, ‘আমি নিশ্চিত করছি যে, বাবরের মধ্যে কোনো ইগো আমি দেখিনি। সে পরিবারকে সম্মান করে এবং সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মেশে। তবে আমি চাই, সে যখন মাঠে নামে, খেলাটার চেয়ে যেন নিজেকে বড় মনে না করে। পাকিস্তানকে যেন সবকিছুর ওপরে রাখে। পাকিস্তানের অধিনায়ক থাকার সময় যেসব ক্রিকেটারের ওপর সে বিনিয়োগ করেছে, তাদের বেশ কয়েকজনই দেশকে প্রতিদান দিতে পারেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত