সিসা বারে আড্ডা শেষে বন্ধুকে কুপিয়ে খুন

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:০৫ এএম

রাজধানীর বনানীতে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী। ভয়াবহ এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ‘৩৬০ ডিগ্রি সিসা বার’ লাউঞ্জ থেকে বের হচ্ছেন এক যুবক। তার পরনে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট। ওই যুবকের পেছনে চেক শার্ট ও কালো প্যান্ট পরিহিত আরেক যুবক। এরপর একে একে আরও দুই যুবক বের হন। তারা দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে কী যেন বলাবলি করছেন। একটু পর আরও এক যুবককে নামতে দেখা যায়। তখন উত্তপ্ত বাক্যলাপের একপর্যায়ে সবার আগে বের হওয়া যুবককে ছুরিকাঘাত ও এলোপাতাড়ি মারধর শুরু করেন বাকিরা।

এ সময় আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন রাব্বি। এর মধ্যে পাঞ্জাবি-পাজামা পরিহিত এক যুবক ছুরিকাঘাত করতে থাকেন। তখন কালো টি-শার্ট ও প্যান্ট পরা আরেক যুবক (তার নাম খোকন) বাধা দিতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। একপর্যায়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। এ সময় আশপাশের কয়েকজন উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানী বনানী ১১ নম্বর রোডের ই-ব্লকের ১০০ নম্বর ভবনে ৩৬০ ডিগ্রি সিসা বারের (অ্যারাবিয়ান কোজি) দোতলার সিঁড়িতে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বি ও হামলাকারীরা পূর্বপরিচিত বন্ধু। চারজন তার সঙ্গে সিসা বার থেকে নামেন আর দু-তিনজন সিঁড়িতে ওত পেতে বসে ছিলেন। এদের মধ্যে ছুরিকাঘাত করা মুন্না নামের এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো ব্যবসায়ী দ্বন্দ্ব আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। নিহত রাব্বির মহাখালী হাজারীবাড়ি এলাকায় নেটের ব্যবসা ছিল।

ঢাকার বনানী থানার ওসি রাসেল সারওয়ার বলেন, ‘ভোরে সিসা বারের দোতলার সিঁড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠাই। তারা পৌঁছানোর আগেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত মুন্নাকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। তারা ছিল পাঁচ-ছয় যুবক। একজনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতপরিচয় আসামি করে নিহত রাব্বির বাবা রবিউল আওয়াল একটি হত্যা মামলা করেছেন।

ওসি রাসেল বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি, হামলাকারীরা নিহত রাব্বির পূর্বপরিচিত। তবে কী কারণে তারা হত্যা করেছেন, এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ওই ভবনের সিসিটিভি ফুটেজসহ হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’

নিহতের ভগ্নিপতি দেলোয়ার হোসেন বলেন, রাব্বি মহাখালী হাজারীবাড়ি এলাকার স্থানীয়। সেখানে পরিবার নিয়ে থাকেন। রাব্বি বুধবার রাতে বনানীর একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হন। ভোরে রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ছয়-সাতজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত