ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের প্রত্যাহার এবং অনিয়ম-দুর্নীতির সংবাদের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
