মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বৈদ্যুতিক খাম্বার নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া এলাকার বাসেদ সরকারের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খাম্বার নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি পুলিশকে অবহিত করেন।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত আনুমানিক ২টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যায়। সকালে বৈদ্যুতিক খাম্বার নিচে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী প্রথমে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। বিদ্যুৎ অফিসের কর্মীরা এসে খাম্বার ট্রান্সফরমারের লক খোলা অবস্থায় দেখতে পান এবং চলে যান।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটির শরীরের ওপরের অংশে বিদ্যুতিক শর্ট সার্কিটের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মরদেহ উদ্বার করে ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।
জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা
চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু