পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাংগন কবলিত আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন পালন করেছে গ্রামবাসীরা।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর এই কর্মসূচিতে অংশ নেয়।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বক্তব্য দেন বর্তমান ইউপি সদস্য মো. সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো. সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো. মামুন হাওলাদার, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাস প্রমুখ।
বক্তারা বলেন, পায়রা নদীর ভাংগনে আলগি গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলী জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙ্গনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। ওপারের চরের জমিও সেনানিবাসে অধিগ্রহণ করে নিয়ে গেছে। এ অবস্থায় ফের ভাংগন দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাংগন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
