বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে কে কার অবস্থানে অনড় থাকল বা থাকল না, সেটি কোনো বিষয় না। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি।’ গতকাল শনিবার সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ।’
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মির্জা আশেক এলাহী, জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ ৫৪ বছরের নির্বাচনী কলঙ্কমুক্ত হবে। কারণ, ৫৪ বছরে এ দেশে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই কোনো না কোনোভাবে বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কোনো বিতর্ক থাকবে না। নতুন করে জন্ম হবে না কোনো ফ্যাসিবাদের।’
গত শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, ‘যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে আবার আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটা মনে করছে। তাদের এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়; কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে ডা. তাহের বলেন, ‘ইতিমধ্যে আপনারা দেখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এ দেশের ৭১ ভাগ মানুষ চান। শুধু একটি দল পিআর পদ্ধতি চায় না।’
আরও একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দিন দিন জামায়াতসহ ইসলামী দলগুলোর ওপর এ দেশের জনগণের আস্থা বাড়ছে।’
জোট গঠনের ইঙ্গিত দিয়ে ডা. তাহের বলেন, ‘আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আগামী দিনে সরকার গঠন করবে।’
সংস্কার ও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। এরপর সরকার যখনই নির্বাচন দেয়, জামায়াতের কোনো আপত্তি নেই।
