ক্রিকেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন দুলিপ ট্রফি থেকেই চালু হচ্ছে নতুন বদলির নিয়ম, যার নাম দেওয়া হয়েছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’।
ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে সাধারণত দলের লড়াই হয়ে ওঠে অসম—১১ জনের বিপক্ষে খেলতে হয় ১০ জনকে। এই পরিস্থিতি সামলাতেই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
নতুন নিয়ম অনুযায়ী, খেলা শুরুর পর কোনো ক্রিকেটার শুধুমাত্র গুরুতর এক্সটারনাল চোটে আক্রান্ত হলে বদলি নেওয়া যাবে। যেমন—বড় আঘাত, হাড় ভাঙা, চিড় ধরা বা গভীর কেটে যাওয়া। তবে হ্যামস্ট্রিং ইনজুরি, ক্র্যাম্প বা স্ট্রেইনের মতো সমস্যায় বদলি নেওয়া যাবে না।
চোটের গভীরতা ও চিকিৎসকের রিপোর্ট জমা দেওয়ার পর ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে বদলি নামানো হবে। বদলি অবশ্যই হবে ‘লাইক-ফর-লাইক’— অর্থাৎ ব্যাটসম্যানের বদলি ব্যাটসম্যান, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার। স্কোয়াডের মধ্যেই থেকে বেছে নিতে হবে সেই বদলি ক্রিকেটারকে।
আগামী ২৮ আগস্ট থেকে দুলিপ ট্রফি শুরু হচ্ছে। আইসিসি ইতোমধ্যেই জানিয়েছে, সদস্য দেশগুলো চাইলে নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে এই নিয়ম কার্যকর করতে পারবে। ভারতের চারটি অঞ্চল নিয়ে আয়োজিত চারদিনের এই টুর্নামেন্টেই প্রথম প্রয়োগ করা হবে নতুন নিয়ম। একইসঙ্গে ভারতের মূল প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতেও এটি কার্যকর হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে খেলা চলার সময় বদলি নেওয়ার নিয়ম আছে কেবল কনকাশন ও কোভিড আক্রান্তের ক্ষেত্রে। তবে সাম্প্রতিক ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশাভ পান্ত ও ক্রিস ওকসের গুরুতর চোট নিয়েও ব্যাট করতে নামার ঘটনার পর এ নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। ভারতের কোচ গৌতম গম্ভীর এই বদলির নিয়ম চালুর পক্ষে মত দেন, যদিও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এতে সম্মতি দেননি।
পরিশ্রম কর, সাফল্যের কোনো শর্টকাট নেই: রোনালদো
এশিয়া কাপের দলে ঠাঁই হলো না বাবর-রিজওয়ানের
ইনজুরি থেকে ফিরেই মেসির গোল; জিতল মায়ামি