নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।
ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এ ছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। এসব মামলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে আনা হচ্ছে।
মনোনয়ন সংগ্রহ শেষে যা বলছে শিবির