আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন উপলক্ষে নিয়োগ হয়েছে ২৭৬৩৭ জন

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীতে গত এক বছরে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। ঢাকা ও আশপাশে মবের ঘটনা কমলেও বাইরে এখনো হচ্ছে। যেখানে মব হচ্ছে সেখানে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জনকে নিয়োগ দিয়েছি। এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ ও কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। তাছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।’

ঢাকায় কমলেও বাইরে মব জাস্টিস হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েক দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।’

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী জানান, এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। তারা তো স্বাধীন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো, কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত