শর্ত সাপেক্ষে পিতৃত্বকালীন ছুটির পক্ষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, এতে মায়ের কতটা সুবিধা হবে, তা আমার জানা নেই। তবে যদি এই ছুটি দিতে হয়, তাহলে শর্ত থাকতে হবে পিতা কত ঘণ্টা বাচ্চার সেবা করলেন বা মায়ের পাশে থাকলেন, সেটা লিখিতভাবে জানাতে হবে। তা না হলে এটি তেমন কাজে আসবে না।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় উন্মুক্ত আলোচনায় নবজাতকের যতেœ পিতৃত্বকালীন ছুটি দেওয়ার প্রস্তাব উঠে আসে। সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। সহযোগিতা করে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা শিশুদের গুঁড়ো দুধ খাওয়াতে উদ্ধুদ্ধ না করে সমন্বিতভাবে মাতৃদুগ্ধের ওপর জোর দেন। তিনি বলেন, এজন্য সচেতনতা তৈরি করতে হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশু ভালো দুধ পাবে। কাজেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, মাতৃদুগ্ধ নিয়ে কাজ এককভাবে সরকার বা স্বাস্থ্য সেক্টরের নয়, বরং এনজিও কর্মী থেকে শুরু করে মসজিদের ইমামেরও। খুতবায় এ বিষয়ে কথা বলা যেতে পারে। এমনকি মন্দির ও গির্জায় সচেতনতামূলক আলোচনা হতে পারে। এখানে মিডিয়ারও দায়িত্ব আছে। মিডিয়া আমাদের কাজগুলো, সচেতনতামূলক কার্যক্রমগুলো উপস্থাপন করে জাতিকে সঠিক পথ দেখাতে পারে।
