পাকিস্তানের প্রবল বৃষ্টিতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবি ও নওশেরা জেলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আজাদ কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও অন্তত পাঁচজনের। সোয়াবি জেলার ডিসি নাসরুল্লাহ খান জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টিতে দালোরি গ্রামের ১২টি বাড়ি ডুবে যায় আর একই সময় জেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটে। গাদুন আমাজাই পাহাড়ি অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। তবে তথ্যের সীমাবদ্ধতার কারণে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি নাসরুল্লাহ খান।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, সরকারি হিসাবে খাইবার পাখতুনখোয়ায় গত শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে অন্তত ৩৪১ জনের মৃত্যু হয়েছে। আর আজাদ কাশ্মীরে মৃত্যু হয়েছিল অন্তত ২১ জনের। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
