হাজি রাশেদ-আবুল হোসেন পরিষদের ইশতেহার ঘোষণা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:৪৯ এএম

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্মিলিত ব্যবসায়িক ঐক্য ফোরাম আয়োজিত ‘হাজি রাশেদ-আবুল হোসেন’ পরিষদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এ সময় পরিষদ সভাপতি হাজি রাশেদসহ প্যানেলের ১৭ সদস্যের পরিচয় তুলে ধরা হয় অ্যাসোসিয়েশনের সদস্যদের সামনে।

হাজি রাশেদ-আবুল হোসেন পরিষদের ঘোষিত ইশতেহার পড়ে শোনান পরিষদের সভাপতি পদপ্রার্থী হাজি রাশেদ। এই ইশতেহারে প্রথমেই বাণিজ্য সংগঠনটির জন্য একটি গঠনতন্ত্র তৈরির কথা বলা হয়েছে। এর সঙ্গে সদস্যদের ডেটাবেস এবং ডিজিটাল আইডি কার্ড তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। স্বচ্ছতার জন্য প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে এই পরিষদ। 

এ ছাড়া অডিট ফার্ম দিয়ে অ্যাসোসিয়েশনের আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত করা, ওয়েবসাইট তৈরি করা, অনুমতি ছাড়া রাজনৈতিক নেতাদের বিজ্ঞাপন বন্ধে পদক্ষেপ নেওয়া, বিলবোর্ড বসানো নিয়ে দ্বন্দ্বের নিরসন করা, হোল্ডিং এবং ডিসপ্লে ট্যাক্স সহনশীল করা, দেশের সব বিলবোর্ড ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসা এবং সদস্যদের মধ্যে অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে অ্যাডভাইজরি ও শৃঙ্খলা কমিটি করার ঘোষণা দেওয়া হয়।

এই পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল হোসেন খাঁন। সভাপতি-সেক্রেটারি ছাড়া পরিষদের অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল হোসেন ছাড়াও রয়েছেন আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন খান, শেখ মো. আরীফ, সেলিনা পারভীন, রেজাউল করিম, গোলাম কিবরিয়া, এইচ এম রায়হান ইসলাম, সামসুজ্জামান, ইমান হোসেন ইমরান, আসিফ খান বাবলু, মো. আরিফ এবং মোহাম্মদ ইসা।

আগামী ৩০ আগস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। যে নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত