ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে: রিজভী

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম

পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করেছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো ফিরে আসেনি।

রিজভী বলেন, আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক জিকে গউস উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত