বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত নেতা বলেন, ‘৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। দলটির সঙ্গে সৌহার্দ্য বজায় আছে। বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেটি গ্রহণ করা উচিত নয়। সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক আলোচনা হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে যেন তা প্রতিহিংসার পর্যায়ে না যায়।’ তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য অত্যন্ত জরুরি। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ প্রয়োজন আছে। আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। ইনশাআল্লাহ আমরা তাকে বাসায় গিয়ে দেখে আসব।’
জুলাই সনদের বিষয়ে তাহের বলেন, ‘গত মঙ্গলবার আমাদের নির্বাহী বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে বসব। এরপর মতামত জানাব। কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব। বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য জুলাই চার্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
