আগামীকাল শুক্রবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে দলটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি নৈশভোজে অংশ নেবেন এবং বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেওয়ারও কথা রয়েছে তার। সেখানে মালয়েশিয়ায় অবস্থানরত রাজনৈতিক নেতারা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এনসিপি আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের কীভাবে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
