পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার হোসেন পাড়া থেকে সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
জানা যায়, গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন নামের এক যুবকের বাড়ির আঙিনায় জালে আটকানো ছিল পদ্মগোখরাটি। সকালে সাপটি দেখে স্থানীয় অ্যানিম্যাল লাভারসদের খবর দেন তিনি। পরে অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া, স্থানীয় পরিবেশ কর্মী, পৌরসভা কর্মী ও বনবিভাগ যৌথভাবে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়।
'অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, এই সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia, ইংরেজিতে monocled cobra) হল গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া দেখা যায়। খবর পেয়ে আমরা রেস্কিউ টিম নিয়ে আজকে এই বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্ত করেছি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালের ভেতরে আটকে ছিল সাপটি। পরে এটিকে উদ্ধার করা হয় আমাদের সহযোগিতায়। পরে বনবিভাগকে সঙ্গে নিয়ে অবমুক্ত করি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই আমরা উদ্ধারকর্মীদের সহায়তা করে অবমুক্ত করেছি।
