হবিগঞ্জের মাধবপুরে রাসেল মিয়া নামে এক ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে বাসায় শোবার ঘরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
রাসেল মিয়া সুলতানপুর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাসেল মিয়া জানান,রাতে তিনি পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে প্রাণনাশের চেষ্টায় তার শোয়ার ঘরের জানালা দিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙ্গে গুলি জানালার গ্রিলে আঘাত করে।
বিকট শব্দ শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে চিৎকার চেচামেচি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। কে বা কারা জড়িত অনুসন্ধান করা হচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে।
