জেমস ওয়েবের চোখে ধরা ২৯ নম্বর ‘চাঁদ’

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৮ এএম

ইউরেনাস গ্রহের কক্ষপথে নতুন একটি উপগ্রহের সন্ধান পেয়েছে নাসার অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মাত্র ১০ কিলোমিটার প্রস্থের ছোট্ট উপগ্রহটি ইউরেনাসের ‘চাঁদ’ পরিবারের ২৯তম সদস্য। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, এর ক্ষুদ্র আকার ও কম উজ্জ্বলতার কারণে এত দিন এটি সবার চোখ এড়িয়ে গিয়েছিল।

বিজ্ঞানীদের ধারণা, এ উপগ্রহটির ছোট আকার এবং আলোর কম বিচ্ছুরণের কারণে এত দিন তাদের চোখে পড়েনি। এমনকি প্রায় ৪০ বছর আগে ভয়েজার-২ মহাকাশযান ইউরেনাসের পাশ দিয়ে যাওয়ার সময়ও এটি ধরা পড়েনি। গবেষকরা মনে করছেন, ইউরেনাসের কক্ষপথে এমন আরও অনেক বস্তু লুকিয়ে থাকতে পারে, যা এখনো অজ্ঞাত। 

সেটি ইনস্টিটিউট এর গবেষক ম্যাথিউ টিসকারেনো বলেন, ‘ইউরেনাসের মতো এত ক্ষুদ্রাকৃতির উপগ্রহ অন্য কোনো গ্রহের নেই।

এই উপগ্রহগুলো এবং গ্রহের বলয় একে অন্যের সঙ্গে জটিলভাবে জড়িত। এটি ইউরেনাসের অতীতের এক বিশৃঙ্খল ইতিহাসের ইঙ্গিত দেয়।’

তিনি জানান, নতুন এ উপগ্রহটি তার অন্যান্য ‘ভাই-বোনদের’ তুলনায় কম উজ্জ্বল, যা এর সন্ধানকে আরও কঠিন করেছে। 

ইউরেনাসের সব উপগ্রহের নামকরণ করা হয় উইলিয়াম শেক্সপিয়ার ও আলেকজান্দ্রা পোপের নাটক ও কবিতার চরিত্রের নামে। তবে নতুন উপগ্রহটির এখনো কোনো নাম রাখা হয়নি। মহাকাশে আবিষ্কৃত বিভিন্ন বস্তুর নাম রাখার দায়িত্ব ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন’ বা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার। তারা এ নতুন চাঁদটি অনুমোদন করলে তখন এর নাম ও পরিচিতি নির্ধারণ করা হবে।

গবেষকরা বলছেন, এই নতুন উপগ্রহটি মিরান্ডা, অ্যারিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়া ও ওবেরনের মতো বড় উপগ্রহগুলোর তুলনায় ভেতরের কক্ষপথে ঘুরছে।

গবেষকরা মনে করেন, জেমস ওয়েবের উন্নত প্রযুক্তি ইউরেনাসের আরও লুকানো রহস্য উন্মোচন করতে পারে। এই আবিষ্কার কেবল ইউরেনাসের উপগ্রহ পরিবারকে সমৃদ্ধ করেনি, বরং এই গ্রহের অতীত ও গঠন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত