জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়ায় এখন পর্যন্ত ২৩টি দল জাতীয় ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। গতকাল শুক্রবার কমিশনের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
যেসব দল মতামত জমা দিয়েছে সেগুলো হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সে ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়। একই দিন বিএনপির পাশাপাশি আরও পাঁচটি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দেয়। এরপর গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীও ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্র্ক্সবাদী বাসদসহ ১১টি রাজনৈতিক দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের মতামত পেশ করেছে।
