জাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে সাভারে নিহত শহীদ নাফিসা মারওয়ার মামা হজরত আলী।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন সংগঠনটি সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

প্যানেল ঘোষণা শেষে সহসভাপতি প্রার্থী আরিফুজ্জামান বলেন, ‘আমাদের প্যানেলে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের যেসব সচেতন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অন্যসব শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করাসহ গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য কাজ করেছে এবং ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংস্কারসহ বিভিন্ন আন্দোলনে সম্মুখসারিতে থেকে কাজ করেছে আমরা তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছি। সংরক্ষিত নারী পদের বাইরেও অন্য পদে নারী প্রার্থী রেখেছি। আমাদের প্যানেলে আদিবাসী শিক্ষার্থীকেও রাখা হয়েছে। আমরা আশা করি প্রশাসন আগামী ১১ সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু জাকসু নির্বাচন উপহার দেবে।’

এ ছাড়া প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (ছেলে) পদে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান, সহ-সাধারণ সম্পাদক (মেয়ে) পদে মালিহা নামলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাজিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার (পলি), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রিং ইয়ং মুরং (রুশদ), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সফিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবীব, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব (তুর্য), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে নাসিম আল তারিক, পরিবহন ও যোগাযোগ সাম্পাদক মো. নাহিদ হাসান (ইমন) নির্বাচন করবেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে নারীদের জন্য নির্ধারিত পদে নির্বাচন করবেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা। আর কার্যকরী সদস্য পদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদে নির্বাচন করবেন সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতি।

তাদের প্যানেলে আটজন নারী শিক্ষার্থী রাখা হয়েছে। এদের মধ্যে সংরক্ষিত ছয়টি নারী পদে ছয়জন নারী প্রার্থী রয়েছেন। প্যানেলে একজন আদিবাসী শিক্ষার্থীকে রাখা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণের সম্মানার্থে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী রাখেননি তারা। এ ছাড়া নাট্য সম্পাদক পদটিও ফাঁকা রাখা হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন জমাদান শেষের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত