সোনাগাজীতে দোকান থেকে ৪৫০টি মোবাইল চুরি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

ফেনীর সোনাগাজীতে থানার ৩০০ মিটার দূরুত্বে এক ব্যবসায়ীর দোকান থেকে ৪৫০টি মোবাইল ফোনসহ কোটি টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। গত বৃহস্পতিবার পৌরশহরের ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। রাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, ‘প্রতিদিনের মতো রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু সকালে এসে দোকান তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ চোরচক্রকে মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি।’ তিনি আরও জানান, তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাতঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে তার কোটি টাকা ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত