হামজার দারুণ পারফরম্যান্স, ফাতাওয়ের গোলে লেস্টারের জয়

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের মাঠে আব্দুল ফাতাওয়ের গোলে ১-০ তে জয় পেয়েছে লেস্টার সিটি। প্রায় ১৫ মাস পর গোলের দেখা পেলেন ঘানার এই ফরোয়ার্ড। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

শনিবার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে লেস্টারের রক্ষণ সামলানো, ট্যাকল আর বল কাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা। বিবিসির খেলোয়াড় রেটিংয়ে সেরা তিনে আছেন হামজা। বিবিসির রেটিংয়ে হামজা পান ৬.৮৬ পয়েন্ট। নতুন কোচ মার্টি সিফুয়েন্তেসের অধীনে এটি লেস্টারের প্রথম অ্যাওয়ে জয়।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। পাল্টা আক্রমণে বল পেয়ে চার্লটনের ডিফেন্ডার এডওয়ার্ডসকে কাটিয়ে দূরপাল্লার শটে গোল করেন ফাতাও। শেষ মিনিটে ক্যাম্পবেলের হেড অল্পের জন্য বাইরে চলে গেলে জয় নিশ্চিত করে লেস্টারের।

ম্যাচ শেষে লেস্টারের কোচ বলেন, 'দুর্দান্ত গোল করেছেন ফাতাও। তবে আমি সবচেয়ে খুশি দলীয় আত্মত্যাগ দেখে। আমরা অনেক সময় রক্ষণে ব্যস্ত ছিলাম, কিন্তু সবাই একে অপরের জন্য লড়েছে।' চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে এটি লেস্টারের দ্বিতীয় জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত