হঠাৎ কারখানা বন্ধ

তেজগাঁও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৩ এএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পূর্ব ঘোষণা ছাড়াই একটি পোশাক কারখানা বন্ধ করায় অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাখালী-তেজগাঁও সড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চাপ পড়ে আশপাশের সড়কেও।

গতকাল শনিবার সকাল ১০টার পরে ‘পশ’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে মহাখালী থেকে তেজগাঁও এলাকার সাত রাস্তা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর প্রায় পৌনে ২টার দিকে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। এরপর যানবাহন চলাচল আবার শুরু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, কোনো নোটিস ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের বোঝানোর পরেও রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান। তাদের দাবি, নিয়মমাফিক দেনা-পাওনা শোধ করে তারপর কারাখানা বন্ধ করতে হবে।

ওসি বলেন, শ্রমিকরা নিজেদের দাবিতে অটল থাকায় তাদের তাৎক্ষণিকভাবে সড়ক থেকে সরানো যায়নি। পরে কারাখানার মালিকসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলে রবিবার (আজ) এ নিয়ে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হলে তারা আশ্বস্ত হন। এরপরেই তারা সড়ক থেকে সরে কারখানার সামনে চলে যান। বেলা ৩টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত