সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া পুনর্নির্ধারণের কাজ পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
শুনানির শুরুতে সিইসি বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’
প্রথম দিন কুমিল্লা অঞ্চলের মোট ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনের পক্ষ থেকে আপত্তি উত্থাপন করতে ক্ষমতাপ্রাপ্ত কৌশলীরা উপস্থিত আছেন।
ইসি সচিব জানান, রবিবারের শুনানির সময়সূচি অনুযায়ী—দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ নম্বর আসনের শুনানি; আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; আর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি শোনা হবে।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করার প্রস্তাব দেওয়া হয়। অপরদিকে, বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনে নামানোর প্রস্তাব করা হয়।
এ বিষয়ে ১০ আগস্ট পর্যন্ত কমিশনে মোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে, যা এসেছে ৮৩টি আসনকে কেন্দ্র করে।
ডাকাতি করতে গিয়ে আটক ২, নিহত ১