রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৬তলা থেকে নিচে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক রড মিস্ত্রি মারা যান।
রবিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শরিফুলের সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাজানি গ্রামের ময়না মিয়ার ছেলে।
শরিফুলের সহকর্মী আহমেদ আলী জানান, তিনি ছাদের ওপর রডের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
