পারিশ্রমিকে দুই বাংলায় শাকিবের রেকর্ড

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:২৩ এএম

পারিশ্রমিকের দিক থেকে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ঢালিউড তারকা শাকিব খান। নির্মাণাধীন এই অভিনেতার তার নতুন সিনেমা ‘প্রিন্স’‘ (ওয়ান্স আপন অ্যা টাইম)-এর জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র। ঢাকা-কলকাতা মিলিয়ে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এত পারিশ্রমিক আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কেউ নেননি।

শাকিবের ৩ কোটি টাকা নেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তবে টাকার পরিমাণ তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, ‘এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতানা আরও বলেন, ‘গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখেছি। তিনি প্রতিটি কাজে নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিগুলো দেখে তার প্রতি এক ধরনের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে প্রিন্স ছবির গল্প শোনাই উনি এক মনোযোগে ৪৫ মিনিটে শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্থ। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’

ইতিমধ্যে ‘প্রিন্স’ সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে, যা ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সেখানে দেখা যাচ্ছে ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে  দাঁড়িয়ে আছেন একজন। যাকে বিশেষভাবে আলাদা করা যাচ্ছে তিনি শাকিব খান।

ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত