একটু পর থেকে (২৬ আগস্ট) শুরু হচ্ছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তবে নির্বাচনকে ঘিরে প্রচারণার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনী প্রচারণা চলাকালে শুধু সাদা-কালো পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ছাপানো ও বিতরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব প্রচারণপত্রে থাকতে পারবে না প্রার্থী ছাড়া কারও ছবি।
সোমবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা জারি করেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
প্রার্থীরা তাদের প্রচারণায় শুধুমাত্র নিজের সাদাকালো ছবি ব্যবহার করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি, প্রতীক বা চিত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল এলাকা বা যেকোনো ধরনের স্থাপনা, দেয়াল, যানবাহন, গাছ-পালা, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি কিংবা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে কোনো ধরনের পোস্টার লাগানো যাবে না।
এছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণামূলক উপকরণ নষ্ট বা ক্ষতিগ্রস্ত করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। কালি, চুন, কেমিক্যাল বা অন্য কোনো উপাদান ব্যবহার করে দেয়াল লিখন, মুদ্রণ বা চিত্রাঙ্কনের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
