বন্দি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ এএম

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরের দিকে তাদের দুজনকে কেরানীগঞ্জ কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি জানান, তারা দুজনই হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন। চিকিৎসকরা তাদের দেখছেন।

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানম-ির বাসা থেকে গ্রেপ্তার হওয়ার দিন থেকে কেরানীগঞ্জ কারাগারে আটক রয়েছেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে। সেই থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত