রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন ইউক্রেনীয় সেনা। এই সময়সীমায় রুশে সেনারা ইউক্রেনীয় বাহিনীর ৬টি ট্যাংক, ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম, ৪৯টি রেডিও ইলেকট্রনিক এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ-জ্বালানি-রসদের ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহ জুড়ে লুহানস্কের কুপিয়ানস্ক সভাতোভো-ক্রেমেন্নায়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। তার জেরেই এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর। তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি রুশ বাহিনীর হয়েছে, তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।
ইউক্রেনে অভিযান শুরুর ছয় মাসের মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন ইউক্রেনের মূল ভূখণ্ডের এই চার প্রদেশ দখল করে রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের ভূখণ্ডের ১০ শতাংশ। তবে ইউক্রেনও এই চার প্রদেশের দখল ফিরে পেতে মরিয়া লড়াই শুরু করেছে। লুহানস্কে রুশ সামরিক বাহিনীর কমান্ডার আন্দ্রিয়ে মোরোচকো জানিয়েছেন, গত সপ্তাহে সামরিক ও বেসামরিক লোকজন এবং স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
গত সাড়ে ৩ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গত মে মাস থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপের ধারাবাহিকতায় ইতিমধ্যে দুই দেশের কয়েক হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ১৫ আগস্ট পুতিনের সঙ্গে আলাস্কায় এবং ১৮ আগস্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেসব বৈঠক বেশ সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
