ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি কালভার্টের একাংশ ভেঙে মাটি ভরাটের দায়ে গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক মিলনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের ইকোরিয়া কান্দায় কালভার্ট ভেঙে মাটি ভরাটের ঘটনায় গতকাল দেশ রূপান্তরের ৯-এর পৃষ্ঠায় ‘কালভার্ট ভেঙে মাটি ভরাটের চেষ্টা বিএনপি নেতার, বন্ধ করল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টার দিকে নাউরি গ্রামের ইকোরিয়া কান্দায় কালভার্ট পরিদর্শন শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক মিলেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সানজিদা রহমান। এর আগে গত সোমবার মো. শাহ্জাহান আলম নামে স্থানীয় এক বাসিন্দা বিষয়টি নিয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোজাম্মেল হোসেন।
