কাভার্ডভ্যান সঙ্গে উল্টো পথে আসা অটোভ্যানের সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে উল্টো পথে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের চাম্পাটুলি গ্রামের রকি মিয়া (৩০), একই এলাকার হামিদুল ইসলাম। তারা ইটভাটার শ্রমিক ছিলেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, রংপুর থেকে একটি কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ব্যাটারিচালিত একটি অটোভ্যান মহাসড়কে উল্টো পথে আসছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় আসলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। এঘটনায় গুরুতর আহত চালককে উদ্ধার করে স্থানীয়রা  গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত