ময়মনসিংহের ত্রিশালে বড় ভাইয়ের সঙ্গে আইসক্রিম নিয়ে ঝগড়া পর অভিমান করে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ত্রিশাল পৌরসভার ইসলামী একাডেমি রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রিফাত (১০) ওই এলাকার প্রবাসী আকরাম হোসেনের ছেলে ও ইসলামী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ত্রিশাল পৌরসভার ইসলামী একাডেমি রোড এলাকায় একটি বাসার পঞ্চম তলায় প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। ঘটনার দিন মঙ্গলবার রাতে আইসক্রিম নিয়ে বড় ভাই রিয়াদের সঙ্গে ছোট ভাই রিফাত ঝগড়া করে। পরে রিফাত স্কাফ দিয়ে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
