দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেরোবির একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অধ্যাপক কলিমুল্লাহকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে দুদক। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক কলিমুল্লাহ ছাত্রী হল ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনিসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি।
গত ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে বেরোবির উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
