সওজ কার্যালয়ে অভিযান 

কাজ না করে ঠিকাদারকে বিল জমা দিতে চাপ, সত্যতা পেল দুদক 

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম

কাজ না করে ঠিকাদারকে বিল জমা দিতে চাপ দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রহমতগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে অভিযান চালিয়েছে দুদক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সওজের চট্টগ্রাম জেলা কার্যালয়ে অভিযান চালান দুদক কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম।

দুদক জানায়, অভিযানে দুদক টিম সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসাইনের কার্যালয়ে গিয়ে কাগজপত্র যাচাই করেন। তবে এ সময় কার্যালয়ে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

অভিযান শেষে দুদক কর্মকর্তা সায়েদ আলম সাংবাদিকদের বলেন, ‘নগরের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত এক কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ার আগেই এক ঠিকাদারকে দিয়ে করানো হয়। পরে টেন্ডারে আরেক ঠিকাদার কাজ পেলে তাদেরকে বিল জমা দিতে বলা হয়। একটি ঠিকাদার প্রতিষ্ঠান বিলে সই করতে রাজি হয়নি এবং এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের অভিযান।’

‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে’ উল্লেখ করে দুদক কর্মকর্তা সায়েদ আলম আরও বলেন, ‘টেন্ডারে যারা কাজ পেয়েছে, তাদের দিয়ে কাজ করানো হয়নি। অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে আগেই কাজ করানো হয়েছে; যারা কাজের টাকাও পেয়ে গেছে। টেন্ডারে যিনি কাজটি পেয়েছেন, তাকে জোর করে অনেকগুলো বিলে সই করতে বলা হয়। তিনি অসম্মতি জানানোয় বুধবার (২৭ আগস্ট) রাতে অনেকগুলো অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। যে প্রতিষ্ঠান বিলে সই করতে রাজি হয়নি, তাদের সঙ্গে দুদক কর্মকর্তারা যোগাযোগ করেছেন এবং তাদের কাছে আরও কাগজপত্র চাওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত