দলগুলোর আপত্তির ওপর বিশেষজ্ঞদের মত নিচ্ছে কমিশন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:২৮ এএম

জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ মতামত ও আপত্তিগুলো নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ তৈরি করে দলগুলোকে পাঠানো হবে। তবে সেটি তৃতীয় ধাপের সংলাপের পরেই তৈরি করা হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। সূত্র জানায়, তাদের ভিন্নমতের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত জুলাই সনদ তৈরি করবে কমিশন।

রাজনৈতিক দলগুলোর সংলাপের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া তৈরি করে কমিশন। যেখানে পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রাখা হয়, যা গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। যার বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে মতামত জমা দিয়েছে দলগুলো।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না বা কমিশনের ড্রাফটিংয়ে কোথাও ঘাটতি আছে কি না, এগুলো যাচাই-বাছাই চলছে। অচিরেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক বৈঠকের কাজ শুরু করবে।

জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলোর ওপর আগের দিন (বুধবার) শুরু হওয়া অসমাপ্ত আলোচনা অব্যাহত থাকে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলোর ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয়। এ ছাড়া সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন কমিশনের সদস্যরা।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত