রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনায় ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই পুলিশ সদস্য হলেন ওয়ারেস আলী (৪৮)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানায় এএসআই পদে কর্মরত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এএসআই ওয়ারেস আলীর নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
